
রেজুওয়ান কোরেশী জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেরক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগেরদিন মুজিবুর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান (৫০) সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছেন পুলিশ।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সাথে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান প্রতিপক্ষের ছুলফির আঘাতে বুকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মতিউর রহমানের পক্ষের মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়