নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকতার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

যুক্তরাজ্যের ওল্ডহামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
২০ অক্টোবর ওল্ডহামের এম্পায়ার স্যুইট ব্যাংকুইটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক দশক ধরে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরতেও ভূমিকা রাখছে নেবট্রা।

অনুষ্ঠানে নতুন কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলী ও সাবেক সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন এবং কমিউনিটি নেতা মোজাহিদ খান ডিএল। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি এম জি কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নেবট্রার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক যোশী। এসময় স্বাগত বক্তব্য দেন নতুন কমিটির সভাপতি মো. শিপার মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসে ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরা হয়। —– অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দেশের মানুষের সংযোগ স্থাপন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সংবাদ পরিবেশনে নেবট্রার সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সময়োপযোগী গণমাধ্যমচর্চার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে নেবট্রার এক দশকের পথচলায় সংগঠনের দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের স্মারক প্রকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তখলিছ মিয়া ও তৈয়বুর রহমান শ্যামলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্যের সহযোগিতায় নেবট্রার কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির সংবাদ ও কার্যক্রম আরও কার্যকরভাবে তুলে ধরার অঙ্গীকারও করেন তাঁরা।
প্রবাসে বাংলা গণমাধ্যমকর্মীদের ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *