সেঞ্চুরি করার আগমুহূর্তে যেন কিছুটা নার্ভাস! ৯৯ থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে খেলেন ৬ বল। শেষ পর্যন্ত পেসার মোহর শেখের বল ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত । সাত বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন এ ডানহাতি ব্যাটার।
সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহের হয়ে ব্যাট হাতে বুক চিতিয়ে লড়ছেন মোসাদ্দেক। ১৯১ রানে ৭ উইকেট হারানো ময়মনসিংহকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। সতীর্থদের আসা যাওয়ার ভিড়ে এক প্রান্ত আগলে রেখে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৮ সালে বিসিএলের পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। তার অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করে ময়মনসিংহ। দলের আর কোনো ব্যাটার ফিফটিও পাননি। মোসাদ্দেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন আল আমিন জুনিয়র। অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে অবিচ্ছিন্ন ১৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক। আলোকস্বল্পতায় প্রথম দিন মাঠে গড়ায় ৭৭ ওভার।