রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও আমন্ত্রিত অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহবায়ক আবু হোয়ারা ছাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃপেষ রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা একাডেমির সুপারভাইজার অরূপ কুমার রায়, এসআই আশরাফ হোসেন, মাওলানা মতিউর রহমান এবং মুহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি, মাদক এবং মিথ্যা মামলার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে,কতিপয় পুলিশ সদস্য ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং থানার সাথে সংশ্লিষ্টতার নাম করে সাধারণ মানুষের নিকট থেকে টাকা আদায়ের জন্য হুমকি-ধামকি দেওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান বক্তারা।